সরকারি আদেশ অমান্য করে নারায়ণগঞ্জের বন্দরে মাহিন এক্সেসরিজ নামের একটি কারখানা চালু রাখায় ভবিষ্যতে এ ধরনের কাজ আর করবে না বলে কারখানা কর্তৃপক্ষের মুচলেকা নিয়েছে প্রশাসন।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আসমা সুলতানা নাসরীনের নেতৃত্বে মঙ্গলবার বন্দরের অভিযানটি পরিচালনা করা হয়। একই সাথে ভবিষ্যতে এ ধরনের কাজ না করার জন্য কড়া হুঁশিয়ারি প্রদান করা হয়।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, গত ২৩ জুলাই সকাল ৬টা থেকে আগামী ৫ আগস্ট পর্যন্ত কঠোর বিধিনিষেধ চলছে। সেখানে শিল্প-কারখানা বন্ধ রাখার কথাও উল্লেখ রয়েছে।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বন্দর উপজেলার মাহিন এক্সেসরিজ, রাজ টেক্সটাইল এবং গজারিয়া ইলাস্টিক ইন্ডাস্ট্রিজে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আসমা সুলতানা নাসরীন। এ সময় মাহিন এক্সেসরিজ খোলা পাওয়া যায়। পরে সরকারি আদেশ অমান্য করায় মুচলেকা নেয়া হয় এবং ভবিষ্যতে এ ধরনের কাজ না করার জন্য কড়া হুঁশিয়ারি প্রদান করা হয়। তবে অন্য দুটি কারখানা বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) আসমা সুলতানা নাসরীন বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযানে গিয়ে দেখতে পেয়েছি, মাহিন এক্সেসরিজ নামের কারখানায় বাহির দিয়ে বড় তালা ঝুলানো। কিন্তু ভিতরে শ্রমিকদের দিয়ে কারখানা পরিচালনা করছিল। ভবিষ্যতে এই ধরনের কাজ না করার জন্য মুচলেকা নেয়া হয়েছে।