নাটোরের সিংড়ায় ট্রাকচাপায় আজাহার আলী (৬০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় সিংড়া পৌরসভার নাটোর-বগুড়া মহাসড়কের বাইসাপাড়া ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক সিংড়া উপজেলার কলম মির্জাপুরের মৃত আকবর আলীর ছেলে। এই ঘটনায় ঘাতক ট্রাকড্রাইভার ও হেলপারকে আটক করেছে থানা পুলিশ।

সিংড়া থানার উপ-পরিদর্শক (এস আই) মোজাম্মেল হক জানান, বৃহস্পতিবার সকালে সিংড়া পৌরসভার নাটোর-বগুড়া মহাসড়কের বাইসাপাড়া ব্রিজ এলাকায় নাটোরগামী ট্রাক বিপরীতগামী অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক আজাহার আলী নিহত এবং ভ্যানে থাকা যাত্রী মো: সাজু মিয়া ও তার স্ত্রী লিপি বেগম আহত হয়।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

এ দুর্ঘটনায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের নিচে নেমে যায়। ট্রাকড্রাইভার লিটন হোসেন ও হেলপার পিয়াসকে আটক করেছে সিংড়া থানা পুলিশ।