ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানায় কর্মরত এএসআই রকি চন্দ্র সিংহের বাড়িতে যাওয়া হলো না। পরিবারের সাথে ১০ দিনের ছুটি কাটাতে যাচ্ছিলেন কিন্তু তিনি বাড়িতে যাওয়া সময় সড়ক দুর্ঘটনায় নিহত হন রকি।

মঙ্গলবার বিকেলে নিজ বাড়ি চৌদ্দগ্রামের শ্রীপুর যাওয়ার সময় কুমিল্লার বুড়িচং এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

জানা যায়, রকি চন্দ্র সিংহ (বিপি নম্বর ৮৫০৬১০৬৭২২) নোয়াখালি থেকে বদলি হয়ে গত ২ জুলাই নবীনগর থানায় যোগ দেন। পরিবার নিয়ে থাকার জন্য নবীনগর সদরে একটি বাসা ভাড়া নেন তিনি। ওই বাসায় পরিবারকে আনার জন্য দুপুরে মোটরসাইকেলে নিজ গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামের শ্রীপুরে যাচ্ছিলেন। কুমিল্লা জেলার বুড়িচং থানার শরীফপুর এলাকায় বিপরিত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখী সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

রকি চন্দ্র সিংহ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাগৈ গ্রামের সাধন চন্দ্র সিংহের ছেলে।

নবীনগর থানার অফিসার্স ইনচার্জ(ওসি) আমিনুর রশিদ জানান, রকি চন্দ্র সিংহের মুত্যুটি বেদনাদায়ক, তার লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে, আগামীকাল(বুধবার) ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করা হবে।