ভারতের ইটভাটায় কাজ শেষে বাড়ি ফেরার পথে আটক নারী-শিশুসহ পাঁচ বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

রোববার সকালে আটকদের মধ্যে দু’শিশুকে অভিভাবকদের জিম্মায় দেয়া হয়েছে। তিনজনকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানোর বিষয় নিশ্চিত করেছে ফুলবাড়ী থানা পুলিশ।

জানা যায়, শনিবার বিকেল ৫টার দিকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর সীমান্তের ৯৪২/৭এস আন্তর্জাতিক সীমানা পিলারের পাশে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়। এ সময় ভারতীয় ১৯২ বিএসএফ ব্যাটালিয়নের ধাপড়াহাট ক্যাম্পের ইন্সপেক্টর বিবেক মিলা এবং লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের কাশিপুর কোম্পানি কমান্ডার সুবেদার রমজান আলী নেতৃত্ব দেন।

যাদের হস্তান্তর করা হয়েছে তারা হলেন, উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ার কামালপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে আবুল কালাম (২৫) স্ত্রী শাহনাজ বেগম (২২) ছেলে শাহজালাল (৫) এবং উপজেলার জকারহাট আমতলা গ্রামের ওমেদ আলীর স্ত্রী নুরজাহান বেগম (৩৫) ও তার ছেলে নুর ইসলাম (৭)।

এ প্রসঙ্গে কাশিপুর কোম্পানি কমান্ডার সুবেদার রমজান আলী জানান, পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ পাঁচ বাংলাদেশীকে হস্তান্তর করেছে। অবৈধ অনুপ্রবেশ ও পাসপোর্ট আইনে মামলা দিয়ে রাতেই তাদেরকে ফুলবাড়ী থানা হেফাজতে দেয়া হয়েছে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।