পিরোজপুরের মঠবাড়িয়ায় পাঁচ বছরের শিশু ধর্ষণের ঘটনায় শফিকুল ইসলাম (১৪) নামের এক কিশোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার তাকে কিশোর আদালতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় গতাকাল রোববার শিশুটির নানা অভিযুক্ত শফিকুলকে আসামি করে মঠবাড়িয়া থানায় একটি মামলা করেন। অভিযুক্ত কিশোর শফিকুল ইসলাম উপজেলার ভেচকি গ্রামের নুর মোহাম্মদের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, শিশুটির মায়ের সাথে বাবার পারিবারিক বিরোধের কারণে মায়ের সাথে নানা বাড়িতে বসবাস করে আসছিল। গত ৫ আগস্ট দুপুরে বাড়িতে বিদ্যুৎ না থাকায় বাড়ির পাশের একটি গোডাউনে মোবাইলে চার্জ দিয়ে শিশুটিকে সেখানে রেখে মা তার জন্য মুড়ি আনতে যান। এ সময় অভিযুক্ত শফিকুল গোডাউন ঘরে ঢুকে শিশুটিকে চকলেট দেয়ার প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার দুই দিন পর শিশুটি অসুস্থ হলে ধর্ষণের ঘটনাটি জানাজানি হয়।

মামলার তদন্তকারি কর্মকর্তা মঠবাড়িয়া থানার এস আই মো: নোমান জানান, অভিযুক্ত কিশোর প্রাথমিক ভাবে ঘটনার সত্যতা স্বীকার করেছে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. নুরুল ইসলাম বাদল জানান, শিশুটির ডাক্তারি পরীক্ষা রোববার বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয়ে সম্পন্ন হয়েছে। অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে সোমবার দুপুরে পিরোজপুর শিশু আদালতে পাঠানো হয়েছে।