টাঙ্গাইলের সরকারি সা’দত কলেজের অফিস পিয়ন আমিনুল ইসালামের (৪৫) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে কলেজের পুরাতন স্টাফ কলোনীর ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়। বিভিন্ন এনজিও থেকে নেয়া ঋণের বোঝা সইতে না পেরে তিনি আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
টাঙ্গাইল সদর থানার ইন্সপেক্টর মো: সালাউদ্দিন নয়া দিগন্তকে জানান, আমিনুল ইসলাম সরকারি সা’দত কলেজের ভাইস প্রিন্সিপালের পিয়ন হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সোমবার সকালে তিনি গ্রামের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার গড়াশিন থেকে কলেজে আসেন। সন্ধ্যা পর্যন্ত তিনি কলেজেই ছিলেন। রাতে আর বাড়ি ফেরেননি। মঙ্গলবার সকালে কলেজের গার্ড কলেজের পুরাতন স্টাফ কলোনীর গেট খোলা দেখে ভেতরে প্রবেশ করেন। সেখানে একটি টিনের ঘরের দড়জা দিয়ে উকি মেরে চালের সাথে লাইলনের রশিতে ঝুলন্ত অবস্থায় আমিনুলের লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
তিনি বলেন, পরিবারের ভাষ্যমতে আমিনুল ইসলাম বিভিন্ন এনজিওসহ অনেকের কাছ থেকে ঋণ নিয়ে তা পরিশোধ করতে পারছিলেন না। এ নিয়ে পাওনাদাররা তাকে খুব চাপ দিচ্ছিলেন। এই ঋণের চাপ সইতে না পেরে তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে পারেন।






