কোরবানির গরু বোঝাই ট্রাক ডাকাতির সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়য় বগুড়ার গাবতলী উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি ও পৌরসভা নির্বাচনে জাপার মেয়র প্রার্থী ফজলে রাব্বী তরুকে (৩৩) কারাগারে পাঠিয়েছে পুলিশ।
সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এর আগে রোববার মধ্য রাতে গাবতলী মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত তরু বিগত গাবতলী পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী ছিলেন।
তিনি উনচুরখী মধ্যপাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে।
গত ১৮ জুলাই রাতে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা এলাকা থেকে কোরবানির ২১টি গরু বোঝাই ট্রাক ডাকাতি করে দুর্বৃত্তরা। ওই রাতে গাবতলীর উনচুরখী এলাকায় ট্রাক থেকে নামানোর সময় গাবতলী মডেল থানা পুলিশ ২১টি গরু উদ্ধার করে এবং দু’জনকে গ্রেফতার করে।
গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, মামলা তদন্তকালে ফজলে রাব্বী তরু জড়িত থাকার প্রাথমিক তথ্য প্রমাণ পাওয়া যায়। এজন্য তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।






