ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চলন্ত গার্মেন্টস শ্রমিকবহনকারী বাসের পেছন থেকে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় তিনজন নিহত এবং আহত হয়েছে অন্তত ১০ থেকে ১২ জন।
নারায়ণগঞ্জ জেলার বন্দরের মদনপুর স্টিল মিলের সামনে সোমবার সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মাহমুদা (৩২), রাসেল ও অজ্ঞাতনামা এক নারী। নিহত তিনজনই বন্দরের মদনপুরের ইপিলিওন নামক পোশাক কারখানার শ্রমিক।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শিল্প পুলিশ জানান, ইপিলিওন কারখানায় প্রায় ১৭০০ শ্রমিক কাজ করেন। প্রতিদিনের মতো সন্ধ্যা ৭টায় ছুটির পর নাফ নামের একটি মিনি বাসে করে ঢাকার পথে যাচ্ছিলেন। বন্দর স্টিল মিলের সামনে পৌঁছাতেই সড়ক ও জনপথ বিভাগের একটি লড়ি গাড়ি (ট্রাক) পেছন থেকে ধাক্কা দিলে বাসের ১০ থেকে ১২ জন আহত হয় এবং তিনজনের মৃত্যু হয়।
কাঁচপুর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থলেই এক নারীর মাথা বিচ্ছিন্ন হয়ে মৃত্যু হয়। এছাড়া ওই বাসের আরো দু’জন পুরুষ যাত্রীকে আল বারাকা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।






