ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পুথাই গ্রামের দাফনের ১১ মাস পর কবর খুঁড়ে মুর্শিদ আলম (৬০) নামে এক বৃদ্ধের কঙ্কাল চুরির অভিযোগ পাওয়া গেছে। মৃত ব্যক্তি উক্ত গ্রামের মো: কালা গাজীর ছেলে।
বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের পুথাই সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি কবরস্থান থেকে দুর্বৃত্তরা কঙ্কালটি চুরি করে নিয়ে গেছে বলে নিহতের পরিবার ও স্থানীয় লোকজন দাবি করছে।
মৃত বৃদ্ধের ভাই বশির আহমেদ ও তালশহর পূর্ব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদুল কবির কালাম জানান, বিগত ১১ মাস আগে বার্ধক্যজনিত কারণে মুর্শিদ আলমের মৃত্যু হয়। মৃতের লাশ স্থানীয় পঞ্চায়েত কবরস্থানে দাফন করা হয়।
গত শুক্রবার জুমার নামাজ শেষে তার স্বজনরা কবর জিয়ারত করতে গিয়ে তার কবরটি খোঁড়া অবস্থায় দেখতে পায়। এসময় কবরটির পাশে মানুষের পায়ের ছাপ ও একটি পাঠের বস্তা পড়ে থাকতে দেখা যায়। স্বজনদের ধারণা, গত বৃহস্পতিবার গভীর রাতে ওই কবরস্থান থেকে দুর্বৃত্তরা মৃতের কঙ্কালটি চুরি করে নিয়ে গেছে।
তাৎক্ষণিকভাবে বৃদ্ধের ভাই বশির আহমেদ ও তালশহর পূর্ব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদুল কবির কালাম বিষয়টি ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশকে অবগত করেন।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ এমরান হোসেন বলেন, বিষয়টি মুঠোফোনে জানানো হয়েছে। তবে এ ঘটনায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।






