বগুড়ায় শিশু যৌন নিপীড়নের অভিযোগে সালিশ বৈঠকে পৌর কাউন্সিলের মারপিটে আব্দুল মমিন (২৫) নামের এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে।
এ ঘটনায় অভিযুক্ত বগুড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটুকে পুলিশ আটক করেছে। ঘটনাটি ধামাচাপা দিয়ে লাশ দাফনের প্রস্ততিকালে রোববার বিকেল সাড়ে ৫টার দিকে বগুড়া শহরের ফুলবাড়ি মধ্যপাড়া থেকে পুলিশ লাশ উদ্ধার করে।
মৃত আব্দুল মমিন ফুলবাড়ি মধ্যপাড়ার রেজাউলের ছেলে। তিনি পেশায় হোটেল শ্রমিক। সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
নিহতের স্ত্রী বর্ষা ও শাশুড়ি জানান, শুক্রবার স্থানীয় এক রিকশাচালকের শিশু মেয়েকে যৌন নিপীড়নের অভিযোগ তুলে পৌর কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু মমিনকে ফুলবাড়ি ফাউন্ডেশন নামের একটি ক্লাব ঘরে ডেকে নেয়। সেখানে সালিশ বৈঠকের নামে কাঠ দিয়ে বেধড়ক পেটানো হয়। পরে মমিনের বাবাকে ডেকে তার জিম্মায় ছেড়ে দেয়া হয়। শহরের কলোনী এলাকায় শ্বশুর বাড়িতে স্ত্রী অবস্থান করায় পরদিন শনিবার সন্ধ্যায় মমিন সেখানে যান।
তিনি স্ত্রীকে জানান, রিকশাচালক জুয়েলের ছোট শিশু মেয়েকে সিগারেট আনতে দেয়ার ঘটনা নিয়ে পৌর কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু ক্লাবে ডেকে নিয়ে তার পিঠে বেধড়ক আঘাত করেছে।
শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ শুনে স্ত্রী বর্ষা তার স্বামীকে গালাগাল করেন। শনিবার রাতেই মমিন শ্বশুর বাড়ি থেকে ফুলবাড়িতে তার নিজের বাড়িতে যান। অসুস্থতার খবর পেয়ে মমিনের ভগ্নিপতি জাহিদ রাতে বাড়িতে গিয়ে কথা বলেন।
জাহিদ জানান, মমিন অসুস্থ বোধ করলেও কথাবার্তা স্বাভাবিক ছিল। এ কারণে রাতে তাকে হাসপাতাল নেয়া হয়নি। সকালে শ্বাসকষ্টসহ বিভিন্ন সমস্যা দেখা দিলে মমিনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
পৌর কাউন্সিলর বিষয়টি জানতে পেরে লাশ নিজ উদ্যোগে মমিনের বাড়িতে নিয়ে আসেন এবং তার খরচে দাফনের প্রস্তুতি নেন। বিকেলে ঘটনাটি সদর থানা পুলিশ জানতে পেরে লাশ উদ্ধার করে নিয়ে আসেন। এ সময় পৌর কাউন্সিলর বিটুকে থানায় নিয়ে পুলিশ হেফাজতে রাখেন।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করে বলা যাবে না। কাউন্সিলরের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। এ কারণে তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। রাত ৯টা পর্যন্ত কোনো অভিযোগ বা মামলা হয়নি।






