ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় স্বামী মৃদুল আলী (২৩) এবং ছয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী রিয়া খাতুন (২০) নিহত হয়েছেন।
সোমবাব সকাল সাড়ে ৭টার দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সামনে (ঈশ্বরদী-কুষ্টিয়া) মহাসড়কের রুপপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানান, রিয়া খাতুন ঘটনাস্থলে এবং মৃদুল গুরুতর আহত হলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর মারা যায়। নিহত মৃদুল আলী কুষ্টিয়া জেলার মিরপুর থানার তালবাড়িয়া গ্রামের আজিম উদ্দিন সরদারের ছেলে এবং রিয়া খাতুন ঈশ্বরদী ইপিজেড গেটের বাবুর মেয়ে।
জানা যায়, স্বামী মৃদুল তার স্ত্রী রিয়াকে নিয়ে শ্বশুর বাড়ি রেখে তার কর্মস্থল রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যাওয়ার কথা ছিল। মোটরসাইকেল নিয়ে আসার পথে ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়কের রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সামনে তাদের মোটরসাইকেলকে একটা ট্রাক সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই স্ত্রী রিয়া খাতুন মারা যায়।
আহত মৃদুলকে প্রথমে ঈশ্বরদী উপজেলা কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দিলে মৃদুলকে রামেকে নেয়ার পর সোমবার বিকেলে সেখানেই তিনি মারা যান।
পাকশী হাইওয়ে পুলিশের ইনচার্জ মো: শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ নিহত রিয়ার লাশ উদ্ধার করে নিয়ে আসে। ঘাতক ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছে।
তিনি বলেন, জানতে পেরেছি নিহত রিয়া ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
এদিকে স্বামী-স্ত্রীর একসাথে মৃত্যুর ঘটনায় রিয়ার বাবার বাড়ি ঈশ্বরদীর পাকশী ইপিজেড গেট এলাকা ও মৃদুলের বাড়ি কুষ্টিয়ার মিরপুরে শোকের ছায়া নেমে আসে।






