গাজীপুরের কালিয়াকৈর পোল্ট্রি ফিড কারখানার ভেতরে ট্রাকচাপায় আমিরুল ইসলাম (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরো এক শ্রমিক।
মঙ্গলবার ভোরে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার সিপি বাংলাদেশ লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।
নিহত আমিরুল ইসলাম সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার কয়রা জঙ্গলপাড়া এলাকার আব্দুর রউফ মিয়ার ছেলে। আহত রজব আলীকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কারখানাটির প্রশাসনিক কর্মকর্তা জাবেদ বারকি জানান, দিনমজুর হিসেবে কর্মরত কারখানার অভ্যন্তরে দুই শ্রমিক ঘুমাচ্ছিলেন। ভোররাতে হঠাৎ ট্রাকটি ওই শ্রমিকদের ওপর উঠিয়ে দেয় চালক। এতে ঘটনাস্থলেই আমিরুলের মৃত্যু হয়। আহত হয় শ্রমিক আব্দুর রউফ। আহত রউফকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের লাশ স্বজনদের মাধ্যমে গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার চৌধুরী জানান, দুর্ঘটনাজনিত কারণে একজন শ্রমিক মারা গেছে। লাশ কারখানা কর্তৃপক্ষ থানা পুলিশকে না জানিয়েই বাড়িতে পাঠিয়ে দিয়েছে।






