বগুড়ার শেরপুরে পৃথক ঘটনায় নারী ও শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে বিদ্যুৎস্পৃষ্টে মোছা: জনি বিবি (৩০) ও পুকুরে ডুবে শিশু মহরম আলী ওরফে আব্দুল্লাহ সেখের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা চন্ডিপুর ও শাহবন্দেগী ইউনিয়নের উচরং গ্রামে এ ঘটনাগুলো ঘটে।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালের দিকে উপজেলার ছোনকা চন্ডিপুর গ্রামের বাবলু মিয়ার স্ত্রী জনি বিবি টেলিভিশনের ডিশ লাইনে সংযোগ দিতে যান। এ সময় তারে জড়িয়ে গুরুতর আহত হন তিনি। একপর্যায়ে তার ছেলে জিসানের চিৎকারে লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।

একইদিন বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার উচরং গ্রামের মো: ফরিদ উদ্দীন সেখের ছেলে মহরম আলী ওরফে আব্দুল্লাহ সেখ বাড়ির উঠানে খেলছিল। একপর্যায়ে পরিবারের সবার অজান্তে পাশের একটি পুকুরে ডুবে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর ওই পুকুর থেকে শিশুটির ভাসমান লাশ উদ্ধার করা হয়।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শহিদুল ইসলাম বলেন, এসব ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। মৃতদের দু’পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।