ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর গ্রামের জাহাঙ্গীর মিয়ার মেয়ে গোলশান (৩৩) বগত ৪ মাসেরও অধিক সময় ধরে নিখোঁজ রয়েছেন। দীর্ঘ সময় ধরে নিখোঁজ মেয়ের সন্ধান পেতে আর্তনাদ করছেন অসহায় বাবা জাহাঙ্গীর মিয়া। এদিকে মাকে ফিরে পেতে কান্না থামছে না নিখোঁজ গোলশানের দুই শিশু সন্তান ফারুক (১১) ও কুলসুমের (৯)।
নিখোঁজের পর দিন গোলশানের বাবা জাহাঙ্গীর মিয়া সরাইল থানায় জিডি করেছেন। জিডি নং- ১০২২, তারিখঃ ২২/০৪/২০২১।
লিখিত জিডিমূলে জানা যায়, গোলশানের ইতালী প্রবাসী স্বামীর পাঠানো ১ লাখ ১৫ হাজার টাকা উত্তোলণ করতে গত ২১/০৪/২০২১ তারিখে পিত্রালয় বিটঘর থেকে আশুগঞ্জ ইসলামী ব্যাংক শাখায় যান গোলশান। দুপুরের দিকে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে ফেরার পথে নিখোঁজ হন গোলশান। অনেক খোঁজাখুজি করেও গুলশানের কোনো সন্ধান পাননি স্বজনরা।
দীর্ঘ ৪ মাসের অধিক সময় ধরে নিখোঁজ গোলশানের বাবা জাহাঙ্গীর মিয়া সন্দেহ করছেন ব্যাংক থেকে উত্তোলন করা টাকা হস্তগত করতে গোলশানকে জোরপূর্বক ভয়ভীতি দেখিয়ে অপহরণ করেছেন তার নিকটাত্মীয়রা। গোলশানকে খুন করে লাশ গুম করারও সন্দেহ করছেন তিনি। এ ব্যপারে গত ২৬/০৮/২০২১ তারিখে গোলশানের বাবা জাহাঙ্গীর মিয়া তার নিকটাত্মীয় রবি মিয়া, হারিছ মিয়া, আনছর আলী, আ: কাদির ও আক্কাছ আলীসহ মোট ৫ জনকে আসামি করে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা দায়ের করেছেন। বিজ্ঞ আদালত মামলাটি তদন্তের জন্য সিআইডিকে দায়িত্ব দিয়েছেন বলে জানা গেছে।
মেয়ের শোকে কাতর গোলশানের বাবা জাহাঙ্গীর মিয়া ও মায়ের জন্য পাগলপ্রায় অবুঝ শিশু ফারুক ও কুলসুমসহ স্বজনরা নিখোঁজ গোলশানের সন্ধান পেতে আকুতি জানিয়েছেন।






