লাকসামে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। রোববার দুপুরে ঢাকা-চট্টগ্রাম রেলপথের হরিশ্চর লেভেলক্রসিংয়ে কর্ণফুলি ট্রেনের ধাক্কায় ওই দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়।

নিহতরা হলেন, লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের উৎসব পদুয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে রনি (২৫) ও শানিচোঁ গ্রামের রফিকুল ইসলামের ছেলে নজরুল ইসলাম (২৭)।

মোটরসাইকেলচালক পেরুল দক্ষিণ ইউনিয়নের পূর্ব পেরুল গ্রামের কবির হোসেন (২৭) আহত হয়েছেন।

নিহত রনি পেশায় একজন সিএনজিচালক এবং নজরুল স্থানীয় হরিশ্চর চৌরাস্তা বাজারে কনফেকশনারি ও পান-সিগারেটের ব্যবসা করতেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই দিন দুপুরে একটি মোটরসাইকেলে হরিশ্চর-ভুশ্চি সড়ক হয়ে তিন বন্ধু হরিশ্চর চৌরাস্তায় যাওয়ার জন্য হরিশ্চর রেলক্রসিং পার হচ্ছিলেন। ওই সময় কর্ণফুলি ট্রেন মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রনির মৃত্যু হয়। আর এক আরোহী নজরুলকে গুরুতর আহত অবস্থায় লাকসামের একটি বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেলচালক কবির হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত লালমাই উপজেলা যুবলীগের আহবায়ক আবদুল মোতালেব দু’জন মোটরসাইকেল আরোহীর মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটির সামনে আমার গাড়ি ছিল। ট্রেন আসার আগেই আমি ক্রসিং পার হয়েছিলাম। রেলসড়কটির দু’পাশের গাছের ডালপালা থাকায় ট্রেন দেখা যায় না।

লাকসাম রেলওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।