পটুয়াখালী-বরিশাল মাহাসড়কের কৃষি বিমান অবতরণ কেন্দ্রের প্রবেশ পথে দুই মোটরসাইকেলের সংঘর্ষে শাহিন মৃধা (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
এ ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন, নলছিটি এলাকার আরিফুর ইসলামের ছেলে রাফি (২৫), হিরু হাওলদারের ছেলে রনি (৩০) এবং একই এলাকার জাহাঙ্গীর হোসেন হিরনের ছেলে ইবনে রুমান (২২)।
শনিবার দুপুরের দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শাহিন দুমকি উপজেলার শ্রীরামপুর এলাকার মৃত কাঞ্চন মৃধার ছেলে। দুর্ঘটনায় আহত তিনজনকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা জানান, মোটরসাইকেলে তিনজন কুয়াকাটা থেকে ঝালকাঠি জেলার নলছিটি যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে আহত অবস্থায় চারজনকে হাসপাতালে নেয়ার পথে শাহিনের মৃত্যু হয়।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার মোর্শেদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।






