পিরোজপুরের ভান্ডারিয়ায় নানা বাড়িতে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় শিশু নুসরাত নিহত হয়েছে।

শনিবার পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার এক নম্বর ভিটাবাড়িয়া ইউনিয়নে উত্তর শিয়ালকাঠী গ্রামে ভিটাবাড়িয়া-তারাবুনিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, উপজেলার আট নম্বর ওয়ার্ডের মো: নজরুল ইসলাম সিকদারের বাড়িতে কয়েক দিন আগে রাজাপুর উপজেলার রোলা গ্রামের মো: রায়হানের মেয়ে নুসরাতের মা নার্গিস বেগমের সাথে নানা বাড়িতে বেড়াতে আসে।

শনিবার বাড়ির পাশে পোনা নদীর পাড়ে শিশুটিকে বসিয়ে রেখে নানী নদীতে কাপর ধোয়ার কাজ করছিলেন।

এ সময় ভান্ডারিয়া গরুরহাট থেকে ইঞ্জিনচালিত মায়ের দোয়া নামের একটি খালি টেম্পু বেপরোয়াভাবে চালিয়ে তারাবুনিয়ার দিকে যাওয়ার সময় শিশুটিকে চাঁপা দেয়। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত প্রথমে ভান্ডারিয়া উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

বরিশাল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সোয়া ১টার দিকে শিশু নুসরাত মারা যায়।

এ বিষয়ে ভান্ডারিয়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো: মাসুমুর রহমান বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বরিশাল কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) লাশের ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেছে। টেম্পুটিকে জব্দকরা হলেও ড্রাইভার পলাতক রয়েছে।