নেত্রকোণার পূর্বধলায় সড়ক দুর্ঘটনা ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’জন নিহত হয়েছেন। সোমবার উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি এলকায় এ ঘটনাগুলো ঘটে।
সকালে শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিক মহাসড়কের আতকাপাড়া নামক স্থানে গরু নিয়ে রাস্তা অতিক্রম করার সময় মোটরসাইকেল দুর্ঘটনায় নুরুন্নাহার (৪৫) গুরুতর আহত হয়। পরে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। তিনি উপজেলার সদর ইউনিয়নের আতকাপাড়া গ্রামের মো: আ: রাজ্জাকের স্ত্রী।
অপরদিকে উপজেলার হোগলা ইউনিয়নের ভিকুনীয়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে হায়দার আলী (৪০) ফিসারিতে পানি দেয়ার জন্য মোটর ফিটিংকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।






