টাঙ্গাইলে কুলি সর্দারকে মারধরের মামলায় কালিহাতী উপজেলার গোহালিয়া বাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হযরত আলীকে তালুকদারকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে টাঙ্গাইলের কালিহাতী আমলী আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শামসুল আলম তার জামিন বাতিল করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

কোর্ট ইন্সপেক্টর তানবীর আহাম্মেদ নয়া দিগন্তকে জানান, বঙ্গবন্ধু সেতু পূর্বপাড়ে ট্রাকে লোড-আনলোডের অস্থায়ী স্টেশনের আধিপত্য নিয়ে কুলি সর্দার আকবর আলীর সাথে ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সদস্য হযরত আলী তালুকদারের বিরোধ চলছিল। বিরোধের জেরে গত বছর ৬ অক্টোবর আকবর আলীকে মারধর করা হয়। এ ঘটনায় ওইদিন বিকেলে আকবর আলীর ছোট ভাই আবু বক্কর ইউপি চেয়ারম্যান হযরত আলী তালুকদারসহ ২০ জনকে আসামি করে মামলা করেন।

তিনি বলেন, গত বছর ১৩ অক্টোবর মেডিক্যাল রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে আদালত থেকে জামিন পান ইউপি চেয়ারম্যান হযরত আলী। এর মধ্যে আদালতে মেডিক্যাল রিপোর্ট চলে আসে। সোমবার এ মামলার ধার্য্য তারিখে হযরত আলী আদালতে হাজির হলে মেডিক্যাল রিপোর্ট বিবেচনায় ম্যাজিস্ট্রেট তার জামিন বাতিল করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।