নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে সিএনজি চালিত অটোরিকশা ও নসিমনের সংঘর্ষে বিকাশচন্দ্র দাশ (৪০) নামে এক এনজিওকর্মী নিহত হয়েছেন। এতে আরো পাঁচজন আহত হয়েছেন। নিহত এনজিওকর্মী উপজেলার সুখচর ইউনিয়নের চর আমানুল্লা গ্রামের রমনী কুমার দাসের ছেলে।

সোমবার বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার নলচিরা জাহাজমারা প্রধান সড়কের আফাজিয়া বাজারের দক্ষিণে ফরাজি মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী জিল্লুর রহমান জানায়, একটি সিএনজিতে খাসেরহাট থেকে দাসপাড়া যাওয়ার পথে আফাজিয়া বাজারের ফরাজি মসজিদ সংলগ্ন প্রধান সড়কে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকাশ চন্দ্র দাসকে মৃত ঘোষণা করেন।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত প্রদক্ষেপ নেয়া হবে। আহতরা হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।