বিভিন্ন সরকারি দফতরে চাকরি দেয়ার নামে বগুড়ায় প্রায় কোটি টাকা হাতিয়ে নেয়া প্রতারণা চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতারকৃতরা হলেন, দুপচাঁচিয়া উপজেলার স্বর্গপুর গ্রামের মুনছুর আলীর ছেলে মেহেরুল ইসলাম (৩৩) ও তালোড়া পৌরসভার রেলকলোনী এলাকার মনোয়ারুল হকের ছেলে কামরুল হাসান (২৯)।

শনিবার রাত ৯টায় নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। রোববার সকাল ১১টায় বগুড়া ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১২-এর কমান্ডিং অফিসার (সিও) অতিরিক্ত ডিআইজি রফিকুল হাসান গনি এসব তথ্য জানান।

তিনি সংবাদিকদের জানান, গ্রেফতার মেহেরুল একটি বাহিনীর চাকরিচ্যুত সদস্য ও কামরুল কম্পিউটার ও আইটি বিষয়ে দক্ষ। তারা চাকরি প্রার্থীদের মোবাইল নম্বর সংগ্রহ করে যেকোনো বাহিনী বা সংস্থার পরিচয় দিয়ে কল করতো। একপর্যায়ে সেই দফতরে চাকরি পাইয়ে দেয়ার নামে নিয়োগের এসএমএস দিত। এরপর প্রার্থীর কাছে নিয়োগপত্র দেয়ার কথা বলে মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে টাকা হাতিয়ে নিত।

তিনি বলেন, প্রতারণার স্বীকার একাধিক ব্যক্তি র‌্যাবের কাছে অভিযোগ করলে তাদের শনাক্তে কাজ শুরু করে র‌্যাব। একপর্যায়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা ৮০ থেকে ৯০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। তাদের গ্রেফতারের সময় প্রতারণার কাজে ব্যবহৃত চারটি ল্যাপটপ, ১৮টি মোবাইল ফোন, ১৫টি সিডি, একটি পিসি, দু’টি হার্ডডিক্স , সাতটি পেনড্রাইভ ও ৫৮টি সিমকার্ড উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১২-এর অধিনায়ক আরো জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা হবে। যেহেতু তাদের দুপচাঁচিয়া থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের স্থানীয় থানায় হস্তান্তর করা হবে।