নরসিংদীর শিবপুরে সড়ক দুর্ঘটনায় কমলা বেগম (৬২) নামে স্থানীয় এক ইউপি সদস্য নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেল চারটার দিকে শিবপুর উপজেলার ইটাখোলা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

উপজেলার বাঘাব ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো: হাবিবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহত কমলা বেগম বাঘাব ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের (সংরক্ষিত) আসনের সদস্য। তিনি একই ইউনিয়নের কুন্দারপাড়া গ্রামের চাঁন মিয়ার স্ত্রী ।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বিকেলে শিবপুর উপজেলা আওয়ামী লীগের একদলীয় সভায় যোগ দিতে নিজ বাড়ি কুন্দারপাড়া থেকে শিবপুর বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন ইউপি সদস্য কমলা বেগম। তিনি ইটাখোলা মোড় এলাকায় পোঁছে পায়ে হেটে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় নরসিংদী অভিমুখী একটি বাস তাকে চাপা দেয়। পরে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

বাঘাব ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো: হুমায়ুন কবির বলেন, দলীয় এক অনুষ্ঠানে যোগ দিতে তিনি বাড়ি থেকে বের হয়েছিলেন। পথে বাসচাপায় তিনি নিহত হন।

ইটাখোলা হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) নূর হায়দার তালুকদার বলেন, ইউপি সদস্য কমলা বেগমকে আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। বাসচালককে আটক ও বাসটি জব্দ করা হয়েছে।