কুমিল্লার মুরাদনগরে মসজিদে জুমার খুৎবার আজান দেয়াকে কেন্দ্র করে মুসুল্লিদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ চলাকালে আবু হানিফ খান (৩৮) নামে একজন ছুরিকাঘাতে খুন হয়েছেন। এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন। তাদের মধ্যে দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের কুড়াখাল গ্রামের বাইতুন নুর জামে মসজিদে এ ঘটনা ঘটে।

নিহত আবু হানিফ খান কুড়াখাল গ্রামের আবদু খানের ছেলে।

আহতরা হলেন- একই গ্রামের মোতালেব খানের ছেলে ইমন খান ও গফুর সরকারের ছেলে আবুল খায়ের।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কুড়াখাল গ্রামের বাইতুন নুর জামে মসজিদে জুমার সাপ্তাহিক বয়ান শেষে মুয়াজ্জিন খুৎবার আজান দিতে দাঁড়ালে মুসুল্লিরা সুন্নি ও রেজভী দুই গ্রুপে ভাগ হয়ে যায়। এ সময় রেজভী তরিকার ভক্তরা দাবি করেন, মসজিদের বাইরে খুৎবার আজান দিতে হবে। এ নিয়ে সুন্নি জামাতের অনুসারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দুই গ্রুপের সংঘর্ষে অন্তত আটজন আহত হয়।

স্থানীয়রা আহত হানিফ খান, ইমন খান ও আবুল খায়েরকে মুরাদনগর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক হানিফ খানকে মৃত ঘোষণা করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় ইমন খান ও আবুল খায়েরকে ঢাকায় পাঠানো হয়।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি। তবে সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ।