গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছোট ভাই আরিফুল ইসলামের লাঠির আঘাতে গুরুতর আহত বড় ভাই মো: শহিদুল ইসলাম (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রোববার সকালে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে গত বৃহস্পতিবার রাতে পারিবারিক কলহের জেরে নিজ বাড়িতে ছোট ভাই আরিফুল লাঠি দিয়ে তাকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

মৃত শহিদুল ইসলাম উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হাসানপাড়া গ্রামের আব্দুস সাত্তার মিয়ার ছেলে ও হিংগারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক সেরাজুল হক জানান, গত বৃহস্পতিবার দিনগত রাতে পারিবারিক বিষয় নিয়ে আরিফুল ইসলামের সাথে তার মায়ের ঝগড়া হয়। এ সময় বড় ভাই শহিদুল ইসলাম ঝগড়া করতে আরিফুলকে নিষেধ করে। এ কারণে ক্ষিপ্ত হয়ে আরিফুল লাঠি দিয়ে শহিদুলকে বেদম মারপিট করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার রায় জানান, এ নিয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।