বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পাওনা টাকা চাইতে গিয়ে যুবকের ধাক্কায় কফিরন (৬২) বেগম নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার পাতাইর গ্রামে এ ঘটনা ঘটে।

কফিরন উপজেলার কিচক ইউনিয়নের বেঙ্গদহ পাতাইর গ্রামের আজমল ফকিরের স্ত্রী। এ ঘটনায় চারজনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কফিরোন বেগম একই গ্রামের হবিবর রহমানের ছেলে আব্দুর রাজ্জাকের কাছে ধারের ২০ হাজার টাকা পাবেন। সেই পাওনা টাকা আনতে শুক্রবার সকালে আব্দুর রাজ্জাকের বাড়িতে যান। এ সময় বাড়ির পাশে রাস্তায় রাজ্জাকের সাথে কফিরনের দেখা হয়। তখন পাওনা টাকা চাওয়া নিয়ে বৃদ্ধার সাথে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে রাজ্জাক বৃদ্ধা কফিরনকে ধাক্কা দেন। এতে বৃদ্ধা মাটিতে পড়ে গিয়ে ইটের সাথে মাথা লেগে রক্তাক্ত হন। পরে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এই ঘটনায় শুক্রবার বিকেলে বৃদ্ধার ছেলে আজিজুল হক রাজ্জাকসহ চারজনকে আসামি করে শিবগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছে।

শিবগঞ্জ থানা ওসি সিরাজুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আসামি গ্রেফতারে অভিযান শুরু করা হয়েছে।