নওগাঁর মান্দায় পিকআপের ধাক্কায় ভ্যান থেকে ছিটকে পড়ে খুশি আক্তার (১৮) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
শনিবার দুপুরে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের উপজেলার সাতবাড়িয়া
এলাকার নুরজাহান ইটভাটার পাশে এ দুর্ঘটন ঘটে।
নিহত খুশি আক্তার উপজেলার গনেশপুর ইউনিয়নের শ্রীরামপুর মধ্যপাড়া গ্রামের দুলাল হোসেনের মেয়ে ও সাতবাড়িয়া আবদুস সাত্তার এতিমখানা ও হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, নিহত খুশি আক্তারকে বহনকারী চার্জারভ্যানকে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এতে পাকা সড়কের ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয় খুশি।
নিহতের বাবা দুলাল হোসেন জানান, মেয়ে খুশিকে নিয়ে স্ত্রী সানোয়ারা বেগম চিকিৎসার জন্য রাজশাহীর উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেয়। একটি চার্জারভ্যানে তারা ফেরিঘাট বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। পথে পিকআপের ধাক্কায় ভ্যান থেকে রাস্তায় ছিটকে পড়ে মেয়ে খুশি মারা যান।
মান্দা থানার পরিদর্শক (ওসি) শাহিনুর রহমান শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে
বলেন, কেউ মামলা না করায় নিহত খুশি আক্তারের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।






