টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশনে ঠিকাদারের ভেকুর আঘাতে একটি ক্যাবল কেটে যাওয়ায় অকেজো হয়ে পড়েছে সিগনাল ব্যবস্থা।
মঙ্গলবার দুপুরে এই সিগনাল ক্যাবলটি কেটে যায়। এতে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী রুটে ট্রেন চলাচলে দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে।
সিগনালের খালাসি জহুরুল হক জানান, ক্যাবলটি কেটে যাওয়ার সাথে সাথে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। ক্যাবল কেটে যাওয়ায় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি লেনে চলাচল করা সব ট্রেন হুমকির মুখে পড়বে বলে তিনি জানান।
রেলস্টেশনের এক কর্মরর্তা নয়া দিগন্তকে জানান, একটি ঠিকাদারী প্রতিষ্ঠান টাঙ্গাইল রেলস্টেশনের প্লাটফর্ম বর্ধিতকরণের কাজ করছিল। এ সময় ভেকু মেশিন দিয়ে মাটি খননের সময় আটটি ক্যাবলের মধ্যে একটি ক্যাবল কেটে যায়। এতে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী ২ নম্বর লেনের সিগনাল ফেল করে। ফলে এই লেনের সিগনাল পুরোপুরি অকেজো হয়ে পড়ে। সাথে সাথে ঢাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলে সেখান থেকে লোকজন এসে ক্যাবল লাইন মেরামতের কাজ শুরু করে। রাত পৌনে ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সিগনাল ক্যাবল মেরামতের কাজ চলছিল। এছাড়া ক্যাবল কেটে যাওয়ার পর থেকে ম্যানুয়াল সিগনালের মাধ্যমে ট্রেন চলাচলের ব্যবস্থা করা হয়।






