টাঙ্গাইলের সখীপুরে একটি গণটিকা কেন্দ্রে দায়িত্বরত পুলিশ কর্মকর্তাকে থাপ্পড় মারায় প্রধান শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার বিকেল ৩টায় উপজেলার বহেড়াতৈল গণ উচ্চ বিদ্যালয় টিকাকেন্দ্রে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সখীপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সানিউল আলম মামলা করেছেন। পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুর রহমানকে গ্রেফতার করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর জন্মদিনে বিশেষ গণটিকা কার্যক্রমে বহেড়াতৈল উচ্চ বিদ্যালয়ে টিকাদান কার্যক্রম চলছিল। ওই টিকাকেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন সখীপুর থানার সহকারী উপ-পরিদর্শক সানিউল আলম। বেলা ৩টার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুর রহমান তার মা ও স্ত্রীকে নিয়ে টিকাদান কেন্দ্রে যান। তিনি লাইনে না দাড়িয়ে সরাসরি কক্ষে প্রবেশ করতে চাইলে এএসআই সানিউল আলম তাকে বাঁধা দেন। এ সময় তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে প্রধান শিক্ষক সাদিকুর রহমান ওই এএসআইকে থাপ্পড় মারেন। টিকাদান কেন্দ্রে উপস্থিত স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ সময় এএসআই সানিউল আলম বিষয়টি থানার অফিসার ইনচার্জকে (ওসি) অবহিত করেন। সন্ধ্যায় পুলিশ প্রধান শিক্ষক সাদিকুর রহমানকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
প্রধান শিক্ষক সাদিকুর রহমান বলেন, আমি পরিচয় দেয়ার পরেও ওই পুলিশ কর্মকর্তা জনসম্মুখে আমার জামার কলার ধরলে আমি তাকে থাপ্পড় মারি। পরে স্থানীয়দের হস্তক্ষেপে বিষয়টি সেখানেই মীমাংসা হয়।
এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে সাইদুল হক ভূঁইয়া নয়া দিগন্তকে বলেন, দায়িত্ব পালনকালে পুলিশের গায়ে হাত দেয়া হয়েছে। থানায় মামলা হয়েছে। এ ঘটনায় ওই শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।






