লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ছয় শিক্ষার্থীর চুল কেটে দেয়ার অভিযোগে মাদরাসা শিক্ষক মঞ্জুরুল কবিরকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বামনী ইউনিয়নের কাজিরদিঘীরপাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল।

আটক মঞ্জু হামছাদী কাজিরদিঘীরপাড় আলিম মাদরাসার সহকারী শিক্ষক।

ওসি আবদুল জলিল বলেন, ‘শিক্ষার্থীদের চুল কেটে দেয়ার ঘটনায় শিক্ষককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।’

ঘটনার শিকার শিক্ষার্থীরা জানায়, তারা বুধবার শ্রেণীকক্ষে পাঠ্য কার্যক্রমে অংশ নেয়। একপর্যায়ে শিক্ষক মঞ্জুরুল কবির ১০ম শ্রেণীর ছয় ছাত্রকে শ্রেণীকক্ষের সামনের বারান্দা আসতে বলেন। এ সময় তিনি একটি কাঁচি এনে সারিবদ্ধভাবে দাঁড়ানো ছয় ছাত্রের মাথার সামনের অংশের চুল কেটে দেন।

পরে শিক্ষার্থীরা লজ্জায় ক্লাস না করেই বেরিয়ে যায়। এ ঘটনার এক মিনিট ১০ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ শুক্রবার সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এরপর পুলিশ ঘটনা তদন্ত করে প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্ত শিক্ষককে আটক করেছে। অবশ্য এ ঘটনায় শিক্ষার্থীরা থানায় কোনো লিখিত অভিযোগ দেয়নি বলেও জানিয়েছে পুলিশ।