রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতাপল্লীতে ঋতু বেগম (৩০) নামে এক পতিতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে পতিতালয়ের বাড়িওয়ালা সুজন খন্দকারের ঘর থেকে পুলিশ তার গলাকাটা লাশ উদ্ধার করে।

নিহত ঋতু পতিতাপল্লীর সুজনের কথিত স্ত্রী। তার বাড়ি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায়।

স্থানীয়রা জানান, শনিবার সকালে ঋতুর ঘর থেকে রক্ত গড়িয়ে বাইরে চলে আসে। তখন প্রতিবেশীরা তার ঘরে গিয়ে মেঝেতে তার গলাকাটা লাশ পরে থাকতে দেখে। বিষয়টি গোয়ালন্দ ঘাট থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, শুক্রবার দিবাগত রাত ২টার পর থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত এর মধ্যে যেকোনো সময় অজ্ঞাত দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে ঋতুকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। হত্যার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।’

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর জানান, ‘খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ীর মর্গে পাঠানো হয়েছে। একইসাথে ঘটনা তদন্তে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে হত্যার প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।