রাজশাহীর পুঠিয়ায় মাদরাসাছাত্র পারভেজ হোসেন (১৩) নিখোঁজ হয়েছেন। তিনি পুঠিয়ার নান্দিপাড়ার শাহজাহান সরদারের ছেলে।

পারভেজের দুলাভাই ইঞ্জিনিয়ার নাজমুল হাসান জানান, শনিবার বিকেলে পারভেজ বাড়ির পাশে বেলতলা মোড় থেকে একটি অটোতে করে নাটোরের বড়গাছা চৌধুরী পাড়া হাফিজিয়া মাদরাসার উদ্দেশে বাড়ি থেকে বের হন। পরে খোঁজ নিয়ে পারভেজ সেখানে পৌঁছেনি বলে জানা গেছে।

তিনি আরো বলেন, পারভেজের বাবা মালয়েশিয়ায় থাকেন। অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে রোববার বিকেলে থানায় জিডি করতে এসেছি। জিডি লিখিতভাবে ডিউটি অফিসারের কাছে জমা দিয়েছি।

থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন জানান, আমরা জিডির আবেদন ও ছেলেটির ছবি নিয়েছি। ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্তের পর আইনি ব্যবস্থা নেয়া হবে।