রাজশাহীর পুঠিয়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে এক শিশু (৯ মাস) নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ যাত্রী। এদের মধ্যে গুরুতর আহত তিনজনকে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে
ঢাকা-রাজশাহী মহাসড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সংঘর্ষে নুসাইফা খাতুন নামে এক শিশু মায়ের কোল থেকে ছিটকে মহাসড়কে পড়ে মারা যায়। এ সময় তার মা জলি বেগম (২৪) ও বাবা জাকির হোসেন গুরুতর আহত হন। তাদের বাড়ি নওঁগা জেলার মান্দা উপজেলা সদর এলাকায়। এ দুর্ঘটনায় পাবনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা জামরুল ইসলাম, রাজশাহী মহানগরের ভদ্রা এলাকার মৃত মোবারক হোসেনের ছেলে মনসুর রহমান গুরুতর আহত হন। তাদেরকে রামেক হাসপাতালে পাঠিয়েছেন পবা হাইওয়ে পুলিশ। এছাড়া আরো পাঁচজন পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

বিষয়টি নিশ্চিত করে পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল বলেন, পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিআরটিসি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি শিশু ঘটনাস্থলে মারা যায়। আর আট থেকে ১০ জন যাত্রী আহত হয়েছেন। তবে ঘটনার পর দু’টি গাড়ির চালক ও হেলপার পালিয়ে গেছে।