মানিকগঞ্জে রবিন মিয়া (২৭) নামে এক সবজি ব্যবসায়ীকে হত্যা করে ইজিবাইক ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার সকাল ৮টার দিকে বেতিলা-বালিরটেক সড়কের বেতিলা-মিতরা ইউনিয়নেরর তেরদোনা এলাকার একটি ফসলি জমি থেকে তার হাত-পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করে সদর থানা পুলিশ।

রবিন মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের কলাসি গ্রামের মজিবুর রহমানের ছেলে।

জানা গেছে, রোববার রাত পৌনে ৩টার দিকে রবিন একই গ্রামের হিরনের ইজিবাইকে করে মানিকগঞ্জ সবজির আড়তে যাচ্ছিলেন। পথিমধ্যে বেতিলা-বালিরটেক সড়কের তেরদোনা এলাকায় এলে রাস্তায় বাঁশ ফেলে ৮/১০ জন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। এরপর দুজনকে দুই দিকে নিয়ে যাওয়া হয়। মাথায় আঘাতের কারণে জ্ঞান হারান হিরন।

আহত ইজিবাইকচালক হিরন জানান, আমার প্রতিবেশী সবজি ব্যবসায়ী রবিনকে নিয়ে মানিকগঞ্জ সবজি আড়তে যাওয়ার পথে পৌনে ৩টার দিকে তেরদোনা রাস্তায় বাঁশ ফেলে গাড়ি থামায় দুর্বৃত্তরা। এরপর আমাদের চকের মধ্যে নিয়ে যায়। আমার মাথায় আঘাত করলে আমি জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরে আমি পায়ের বাঁধন খুলে পাশের বাড়িতে গিয়ে তাদের ডাকা ডাকি করি। লোকজনদের সাথে রবিনকে খুঁজতে থাকি। পরে হাত-পা বাঁধা অবস্থায় তাকে দেখতে পাই।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ছিনতাই নাকি অন্য কোনো কারণে এই হত্যাকাণ্ড তার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।