চুয়াডাঙ্গায় নির্মাণাধীন ঘর দেখতে যেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশরাফুল হক (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

আশরাফুল হক চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ স্কুলপাড়ার ইউসুফ ফকিরের ছেলে।

আশরাফুলের পরিবারের সদস্যরা জানায়, রাতে খাবার খেয়ে তাদের নির্মাণাধীন নতুন ঘর দেখতে যান আশরাফুল। এ সময় ঘরের মধ্যে থাকা ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক তারে হাত পড়লে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে গ্রাম্য এক চিকিৎসকের নিকটে নেয়। সেখান থেকে আশরাফুলকে দ্রুত সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। এ সময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে আশরাফুলকে মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা: আহসানুল হক বলেন, রাত সাড়ে ১০টার দিকে পরিবারের সদস্যরা আশরাফুলকে জরুরি বিভাগে নেয়। তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে বলে পরিবারের সদস্যরা জানায়। আমরা জরুরি বিভাগে তাকে মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।