নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক নাইম হোসেন ও গোল-ই-আফরোজ সরকারি কলেজ ছাত্র সংসদের সহ-ক্রিয়া সম্পাদক শফিকুল ইসলামকে কুপিয়ে জখম করেছে ছাত্রলীগ।

আহত দুই ছাত্রলীগ নেতা সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

বুধবার দুপুর ২টায় কলেজ গেট এলাকায় এই হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।

হামলার নেতৃত্ব দানকারি হল পৌর ছাত্রলীগের স্কুল বিষয়ক সম্পাদক মেহেদী হাসান রাফসান।

এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে কলেজ ছাত্রলীগ নেতা-কর্মীদের মাঝে উত্তাপ ছড়িয়ে পড়ে।

সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে বুধবার দুপুরে পৌর ছাত্রলীগের স্কুল বিষয়ক সম্পাদক মেহেদী হাসান রাফসানের নেতৃত্বে সাত থেকে আটজন ধারালো অস্ত্র নিয়ে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে। কলেজ ক্যাম্পাসের গেটে নাসির ষ্টোরের সামনে ছাত্রলীগ নেতা নাইম হোসেন ও শফিকুল ইসলামের ওপর হামলা চালানো হয়। ছাত্রলীগ নেতা নাইম হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম এবং আরেক ছাত্রলীগ নেতা শফিকুল ইসলামকে পিটিয়ে আহত ফেলে রেখে যায়।

আহতদের মধ্যে নাইম হোসেনকে নাটোর সদর হাসপাতাল ও শফিকুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সিংড়া পৌর ছাত্রলীগের সভাপতি বণী ইসলাইল বাপ্পী বলেন, মেহেদী হাসান রাফসান পৌর ছাত্রলীগের স্কুল বিষয়ক সম্পাদক। তবে অন্যায় হামলা সংগঠন মেনে নেবে না।

সিংড়া গোল-ই-আফরোজ কলেজ ছাত্র সংসদের ভিপি সজিব ইসলাম জুয়েল বলেন, বহিরাগত সন্ত্রাসী কর্তৃক কলেজের নিরীহ ছাত্রদের ওপর হামলা দুঃখজনক।

তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-এ-আলম সিদ্দিকী বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এই ঘটনায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।