বরগুনার বেতাগীতে স্কুলছাত্রকে (৮) বলাৎকারের অভিযোগে মো: দুলাল সিকদার (৪৮) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার নির্যাতিত ছাত্রের চাচা বেতাগী থানায় মামলা করেন। মামলার পর অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেন বেতাগী থানা পুলিশ। ওই প্রধান শিক্ষক উপজেলার বেতাগী পৌরশহরের ৪ নম্বর ওয়ার্ডের মৃত ইউসুফ সিকদারের ছেলে ও ১০০ নম্বর হাট মোকামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
পরিবার ও মামলা সূত্রে জানা যায়, অভিযুক্ত দুলাল সিকদার ১০০ নম্বর হাট মোকামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন। নির্যাতিত ছাত্রটি ওই বিদ্যালয়ে প্রথম শ্রেণীর ছাত্র। বিদ্যালয়ে থাকাকালে শিক্ষক দুলাল সিকদার কিছু দিন পরপর ক্লাস চলাকালীন সময়ে বিভিন্নভাবে ডেকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ওই বিদ্যালয়ের দ্বিতীয় তলার একটি কক্ষে বলাৎকার করত।
সবশেষ গত ৭ নভেম্বর বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল সিকদার ওই ছাত্রকে তার ইচ্ছার বিরুদ্ধে একই স্থানে নিয়ে বলাৎকার করে। এ ঘটনা কাউকে জানালে ওই ছাত্রকে স্কুল থেকে বহিষ্কারের হুমকি দেয় ওই শিক্ষক। পরে ওই ছাত্র স্কুল থেকে পালিয়ে আসে ও পরের দিন থেকে বিদ্যালয়ে যেতে অনিচ্ছা প্রকাশ করে। পরিবারের লোকজন জানতে চাইলে ওই ছাত্র ঘটনাটি পরিবারকে জানায়। পরে ওই ছাত্রের চাচা বুধবার বেতাগী থানায় মামলা করেন।
বেতাগী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম বলেন, একজন শিক্ষকের বিরুদ্ধে এমন নোংরা আচরণ ও অভিযোগ কাম্য নয়। অভিযোগের ভিত্তিতে উপজেলা শিক্ষা অফিস কর্তৃক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রিপোর্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হবে।
বেতগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহ আলম বলেন, বলাৎকারের ঘটনায় মামলা হয়েছে এবং অভিযুক্তকে ইতোমধ্যেই গ্রেফতার করা হয়েছে।






