পটুয়াখালী সরকারী কলেজের ছাত্রাবাসের মেঝে ধসে পাঁচ ফুট গভীর খাদে পরে কমপক্ষে ১০ শিক্ষার্থী আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১১টায় তিনতলা ওই ভবনের নিচতলায় ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় ভবনটির নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছে আবাসিক ছাত্ররা।

প্রত্যক্ষদর্শী ও আহত শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, গতকাল রাত ১১টার পরে ওই ভবনের নিচ তলার ১০৮ নম্বর কক্ষে ছাত্রাবাসের আসন বন্টন নিয়ে বৈঠক হয়। পরে বৈঠক শেষে ৩০ থেকে ৩৫ জন ছাত্র বারান্দায় বের হয়। এসময় হঠাৎ পাকা মেঝে দেবে নিচে ধসে পড়ে মুহূর্তেই প্রায় পাঁচ ফুট গভীর খাদের সৃষ্টি হয় এবং অধিকাংশ শিক্ষার্থী পরে যায়। তাদের ডাকচিৎকারে অন্য শিক্ষার্থীরা এগিয়ে এসে উদ্ধার করে। এদের মধ্যে গুরুতর আহত ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়।

তিন তলা ওই ছাত্রাবাস ভবনটি ২০০৮ সালে নির্মাণ করে শিক্ষা প্রকৌশল অধিদফতর।

পটুয়াখালী সরকারী কলেজের উপাধ্যক্ষ মোঃ শাহ আলমগীর জানান, রাত ১১টার পরে গ্রাউন্ড ফ্লোরের বারান্দায় দাঁড়িয়ে ছয় থেকে সাতজন শিক্ষার্থী কথা বলছিলো। হঠাৎ ফ্লোর ধসে ছয়জন আহত হন। ধারণা করা হচ্ছে, কিছু দিন আগে কলেজে মাটি ভরাট করা হয় যেখানে ড্রেজারের পানি পরেছে ওখানে গর্ত ছিলো এ কারণে মাটির ধ্বস হতে পারে।