ঝিনাইদহের শৈলকুপায় পুকুরের পানিতে ডুবে রুবাইয়া নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

ঘটনাটি শুক্রবার সকালে উপজেলার ৫ নম্বর কাঁচেরকোল ইউনিয়নের খন্দকবাড়িয়া গ্রামে। শিশু রুবাইয়া খন্দকবাড়িয়া গ্রামের শাকিল হোসেনের মেয়ে।

এলাকাবাসী জানায়, শিশু রুবাইয়া শুক্রবার ভোরে খেলতে খেলতে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে তলিয়ে যায়। তাকে না পেয়ে খোঁজাখুজির একপর্যায়ে পুকুরে ভাসতে দেখেন স্বজনরা। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা: একে এম সুজায়েত হোসেন জানান, শিশু রুবাইয়া পানিতে ডুবে ভেসে ওঠার পর তার স্বজনরা শুক্রবার সকাল ৮টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তার শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর সাড়ে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।