কুমিল্লার ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মোঃ সোহেলসহ দু’জনকে গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে মামলাটি করেন নিহত সোহেলের ছোট ভাই সৈয়দ মোঃ রুমন।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর। মামলায় ১৬ নম্বর ওয়ার্ডের শাহ আলমকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে ১০-১২ জনকে।
জানা গেছে, সোমবার বিকেল আনুমানিক সোয়া ৪টার দিকে কাউন্সিলরের অফিসের আশপাশের রাস্তা ও গলিতে কয়েকটি গ্রুপে সন্ত্রাসীরা বিভক্ত হয়ে গুলি চালায়।
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন কাউন্সিলর সোহেলের ব্যক্তিগত সহকারী বাদল সাংবাদিকদের জানান, কালো পোশাক পড়া সন্ত্রাসীদের একটি গ্রুপ কার্যালয়ে ঢুকে পড়ে গুলি চালায়। হাসপাতালে নেয়ার পর কাউন্সিলর সোহেল ও হরিপদ সাহাকে মৃত বলে ঘোষণা করা হয়।
এদিকে প্রাথমিকভাবে তদন্তে স্থানীয় মাদক ব্যবসায়ী শাহ আলমের জড়িত থাকার বিষয়টি আলোচনায় আসায় তাকে আটক করার চেষ্টা চলছে। তাকে আটক করতে পারলে ঘটনার পুরো রহস্য বের হয়ে আসবে বলেও পুলিশ জানিয়েছে।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনওয়ারুল আজিম জানান, আসামিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে।






