ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলায় শ্যামলী ও সূর্য পরিবহন নামের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ৪০ জন আহত হয়েছেন।
শনিবার (১৮ ডিসেম্বর) ভোর রাত সাড়ে ৩টায় বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া বটতলা ফিশারি গেটের সামনে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় শ্যামলী বাসের ড্রাইভার নুরুল ইসলাম (৫০) নিহত হয়েছেন। এই ঘটনায় দুই বাসের অন্তত ৪০ যাত্রী আহত হন।
নিহত শ্যামলী বাসের ড্রাইভার নুরুল ইসলাম দিনাজপুর থানার নিউটাউন গ্রামের মৃত আবদুল লতিফের ছেলে।
জানা যায়, গাইবান্ধা থেকে ছেড়ে আসা সূর্য পরিবহন ঢাকার দিকে যাওয়ার সময় শেরুয়া বটতলা ফিসারি গেটের সামনে পৌঁছায়। রাস্তার মাঝে পানি জমে থাকায় এক পাশ চেপে বাসটি যাচ্ছিলো। এইসময় বিপরীত দিক থেকে আসা বগুড়াগামী শ্যামলী পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও দুই বাসের ৪০ জন আহত হয়। দুটি বাস আড়াআড়ি হয়ে থাকায় রাস্তার দুই পাশে প্রায় ২ কিলোমিটার করে রাস্তা যানজট লেগে যায়।
শেরপুর ফায়ার সার্ভিস ওয়্যার হাউস ইনস্পেক্টর নাদির হোসেন জানান, আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ একেএম বানিউল আনাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করা হয়েছে। এছাড়া যান চলাচল স্বাভাবিক করার জন্য দুর্ঘটনায় কবলিত গাড়িগুলো রাস্তার মাঝখান থেকে সরানো হয়েছ। ড্রাইভার ও হেলপার কাউকে আটক করা যায়নি।






