গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটেছে।

দুর্ঘটনায় নিহত রাইসা মনি (৭) ঝিনাইদহের শৈলকূপা উপজেলার বাসিন্দা মনির মিয়ার মেয়ে। একইসাথে দুর্ঘটনায় আহত হয়েছেন নিহত রাইসা মনির নানী ছকিনা বেগম (৬০)।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন জানান, সন্ধ্যা পৌনে ৭টার দিকে মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় নানীর সঙ্গে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হচ্ছিলো রাইসা মনি। এই সময় একটি ড্রাম ট্রাক রাইসা মনি ও তার নানী ছকিনা বেগমকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে রাইসা মনি দুর্ঘটনাস্থলেই মারা যায় এবং ছকিনা বেগম গুরুতর আহত হন। এলাকাবাসী আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ছকিনা মৌচাক এলাকায় বাসা ভাড়া থাকেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।