চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ প্রাপ্তিতে রাজশাহী বিভাগে শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছে বগুড়া জেলা। পরীক্ষায় এই জেলা থেকে ছয় হাজারের বেশি শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন।

বৃহস্পতিবার পরীক্ষার ফল প্রকাশের পর এই চিত্র দেখা যায়।

রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় এবার জিপিএ-৫ পেয়েছেন মোট ২৭ হাজার ৭০৯ শিক্ষার্থী। তাদের মধ্যে বগুড়া জেলা থেকে পেয়েছেন ছয় হাজার ১৪২ জন। দ্বিতীয় অবস্থানে রাজশাহী জেলা থেকে চার হাজার ৮৩৮ জন এবং তৃতীয় অবস্থানে সিরাজগঞ্জ জেলায় চার হাজার ৩৫৩ জন।

রাজশাহী শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ২০২১ সালের এসএসসি পরীক্ষায় রাজশাহী বোর্ডে ৯৪ দশমিক ৭১ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এবার মোট জিপিএ-৫ পেয়েছে ২৭ হাজার ৯০৯ জন। গতবার এই পাসের হার ছিল ৯০ দশমিক ৩৭ শতাংশ। জিপিএ-৫–এর সূচকে বোর্ড সেরার অবস্থান ধরে রাখলেও পাসের হারে শীর্ষে রয়েছে চাপাইনবাবগঞ্জ। এই জেলায় পাসের হার ৯৫ দশমিক ৬৪ শতাংশ। ২য় স্থানে রয়েছে বগুড়া। এ জেলায় পাসের হার ৯৫ দশমিক ৪৭ শতাংশ।

বগুড়া জেলার এ সাফল্যে জেলা প্রশাসক মো. জিয়াউল হক বলেছেন, 'এই সাফল্য সকল শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের শ্রমের ফসল। আশা করছি ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।'