কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায় ভোট প্রদান পদ্ধতির প্রশিক্ষণের সময় একদল যুবকের হামলায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ভাংচুরের ঘটনা ঘটেছে।

শনিবার দুপুরে উপজেলার ময়নামতি ইউনিয়নের নামতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হামলার ঘটনাটি ঘটে। এ সময় সহকারী প্রিসাইডিং অফিসার ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মারধরের খবরও পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আগামী ৭ ফেব্রুয়ারি ৭ম ধাপে এ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে নামতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটারদের ভোট প্রদান পদ্ধতির প্রশিক্ষণ দেয়া হচ্ছিল। এরপর দুপুর ২টায় একদল যুবক এসে সেখানে হামলা চালিয়ে এ কাণ্ড ঘটায়।

সহকারী প্রিসাইডিং অফিসার মো: শাহ আলম বলেন, নামতলা বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জামাল উদ্দিনসহ বিভিন্ন কর্মকর্তা ও দায়িত্বশীলরা ইভিএম পদ্ধতিতে ভোট প্রদানের কলা-কৌশল জনগণকে প্রশিক্ষণ প্রদান করছিলেন। এ সময় ২০-৩০ জন যুবক অতর্কিত হামলা করে আমাদের মারধর করে। তারা ইভিএম ও ভোটবাক্স ভাংচুরও করেছে।

বুড়িচং থানার অফিসার ইনর্চাজ মো: আলমগীর হোসেন বলেন, এ ব্যাপারে এখনো কেউ অভিযোগ করেনি। পরে অবস্থা বুঝে সিদ্ধান্ত নেয়া হবে।