কক্সবাজার শহরে বসতভিটার মাটি খুঁড়ে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
শনিবার রাত ২টার দিকে পৌরসভার ১২ নং ওয়ার্ডের কলাতলী এলাকায় মৌলভী আবদুল্লাহর বাড়িতে এ অভিযান পরিচালনা করে কক্সবাজার র্যাব ১৫ এর আভিযানিক দল।
এ ঘটনায় বাড়ির মালিক আবদুল্লাহকে (৫০) গ্রেফতার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মোঃ বিল্লাল উদ্দিন।
র্যাব জানিয়েছে, আটক আব্দুল্লাহ শহরের ২নং ওয়ার্ডের নুনিয়ারছড়া এলাকার মৃত আব্দুল মবিনের ছেলে। তিনি বর্তমানে দক্ষিণ কলাতলীতে বসবাস করেন।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মোঃ বিল্লাল উদ্দিন জানান, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মধ্যরাতে কলাতলীতে অভিযান চালায় র্যাব। এসময় র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মৌলভী আব্দুল্লাহকে আটক করা হয়। পালানোর কারণ জিজ্ঞাসা করলে এক পর্যায়ে সে তার বসত বাড়ির মাটির নিচে গাঁজা লুকানো আছে বলে স্বীকার করে।
তিনি দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে মাদকদ্রব্য গাঁজা দেশের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে বিক্রয় করে আসছেন বলে জানিয়েছেন।
আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজহার দাখিল করা হয়েছে বলেও জানান র্যাব কর্মকর্তা মোঃ বিল্লাল উদ্দীন।






