পঞ্চগড়ের বোদা উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে আব্দুল্লাহ (৫০) নামের এক হাফেজিয়া মাদরাসার শিক্ষক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আল আমিন (৪৫) ও লিটন (৪০) নামে অপর দুই শিক্ষক।
সোমবার বিকেলে বোদা-পাঁচপীর সড়কের বলরামহাট এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত আব্দুল্লাহ দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার বড় করিতপুর কামার পাড়া গ্রামের বাসিন্দা। তিনি উপজেলার পশ্চিম তুলসি হাফেজিয়া মাদরাসায় শিক্ষকতা করেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে পশ্চিম তুলসি হাফেজিয়া মাদরাসার তিন শিক্ষক একটি মোটরসাইকেলযোগে বোদা-পাঁচপীর সড়ক হয়ে পঞ্চগড়ের বোদা উপজেলার শহরের দিকে আসছিলেন। পরে তারা উপজেলার বলরামহাট এলাকায় এলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা খায়। এ সময় আব্দুল্লাহ নামে ওই শিক্ষক মাথা ও বুকে গুরুতর আঘাত পান।
পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় তাদের দ্রুত উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই মাদরাসাশিক্ষক আব্দুল্লাহর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী সড়ক দুর্ঘটনায় এক মাদরাসাশিক্ষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় বোদা থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।






