ব্রাহ্মণবাড়িয়ায় মাদক মামলায় এক দম্পতিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

বুধবার (৯ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ মো: শহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন আখাউড়া উপজেলার নোয়াপাড়া গ্রামের আ: মন্নাফ ও তার স্ত্রী রোকসানা বেগম।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৮ সালের ৩ মে সদর উপজেলার সুলতানপুরে র‍্যাব-১৪-এর ভৈরব ক্যাম্প সদস্যরা অভিযান চালিয়ে ওই দম্পতির কাছ থেকে ৮০০ পিস ইয়াবা জব্দ করে। পরে র‍্যাব সদর মডেল থানায় মামলা করে। তদন্ত শেষে এসআই সাইফুল ইসলাম আদালতে চার্জশিট দেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০-এর ১৯(১) এর ৯(খ)/২৫ ধারায় তাদের দোষী সাব্যস্ত করে আদালত এ রায় দেন।

আদালতের পুলিশ পরিদর্শক হাবিবুল্লাহ সরকার জানান, রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।