বান্দরবানের রুমায় বৃহস্পতিবার সেনাবাহিনীর সাথে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সংঘর্ষে নিহত কমান্ডারসহ দুজনের পরিচয় জানা গেছে।

তারা হলেন- ক্যাপ্টেন সাংমিন বম (২৭) প্রকাশ পুতিন, তার বাড়ি মুয়ালপি পাড়ায়। অন্যজন লাল হিমসাং বম (২৫), তার বাড়ি মুন্নুয়াম পাড়ায়। নিহত সাংমিন বম ৯ সদস্যের একটি গ্রুপের কমান্ডার ছিলেন।

লাশগুলো ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে আনা হয়েছে। ঘটনাস্থল থেকে আটক লালসাং পাস্সান বমকে রুমা পুলিশে সোপর্দ করা হয়েছে।

এদিকে, ওই ঘটনার পর সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে। উপজেলার দুর্গম মুয়ালপি পাড়া ও লাইরুনপি পাড়াসহ আশপাশের এলাকার পাড়াগুলোর লোকজন আতঙ্কে রয়েছে। সেখানে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

এছাড়া রুমায় যাতায়াতকারী পর্যটকদের নিরাপত্তায় সেনাবাহিনী ও প্রশাসন থেকে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। বান্দরবান-রুমা সড়ক, বগালেক, কেওক্রাডংসহ বিভিন্ন জায়গায় নিরাপত্তা চৌকিতে তল্লাশি বাড়ানো হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার ভোরে রুমা উপজেলার মুয়ালপি পাড়ার কাছে নাইতং পাহাড় এলাকায় সেনাবাহিনীর সাথে কেএনএফের সংঘর্ষে কমান্ডারসহ দুজন নিহত হয়। সেখানে একটি আস্তানা থেকে তিনটি এসএমজি, একটি চাইনিজ রাইফেল, সাড়ে চার শ’ রাউন্ড গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। আটক করা হয় একজনকে। সেনাবাহিনীর চট্টগ্রামের এরিয়া কমান্ডার (জিওসি) মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।