ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজীতে বন্যা পরবর্তী একটি স্কুলের দ্বিতল বিশিষ্ট নব নির্মিত ভবনসহ ১২ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করলেন বিমান বাহিনী প্রধান এয়ার চীপ মার্শাল হাসান মাহমুদ খান।
সোমবার (২৩ জুন) সকালে ছাগলনাইয়া উপজেলার দুর্গাপুরে হাবিব উল্যাহ খান উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম, হাবিব উল্যাহ খান উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাফর উদ্দিন। বিমান বাহিনীর পক্ষে স্বাগত বক্তব্য রাখেন খায়রুল বাশার।
এসময় ফেনী-৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশাররফ হোসেন, ফেনী র্যাব-৭ এর অধিনায়ক মো: মিজানুর রহমান, পুলিশ সুপার হাবিবুর রহমানসহ বিমান বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিমান বাহিনী কর্তৃক বাস্তবায়িত হাবিব উল্লাহ খান উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল বিশিষ্ট ‘শাহীন ভবন’ উদ্বোধন শেষে বিদ্যালয় প্রাঙ্গনে গাছের চারা রোপণ করেন বিমান বাহিনীর প্রধান।
পরে তিনি দুর্গাপুর সিংহনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নুরুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার উন্নয়নকাজ পরিদর্শন করেন। এ উপলক্ষে আয়োজিত সুধি সমাবেশে বিমানবাহিনীর প্রধান হাসান মাহমুদ খাঁন বলেন, ২০২৪ সালে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে আকস্মিক বন্যায় পেশাদারিত্বের সাথে বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসে বাংলাদেশ বিমান বাহিনী। তৎকালীন বৈরী আবহাওয়া, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্নসহ নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে দুর্গত মানুষের সহায়তায় প্রয়োজনীয় জরুরী উদ্ধার, ত্রাণ বিতরণ ও চিকিৎসা কার্যক্রমে কার্যকর ভূমিকা পালন করে বিমান বাহিনীর সদস্যরা।
বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রমের আওতায় ফেনী জেলার ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার বহু শিক্ষা প্রতিষ্ঠান, এতিমখানা, ধর্মীয় উপাসনালয় ও রাস্তা-ঘাটসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ এবং সংস্কার কার্যক্রম সম্পন্ন করেছে বিমান বাহিনী। ছাগলনাইয়া উপজেলার দুর্গাপুরে অবস্থিত হাবিব উল্যাহ খান উচ্চ বিদ্যালয়ে শাহীন ভবন নামে একটি চারতলা ভিত বিশিষ্ট দুইতলা ভবন আসবাবপত্রসহ নির্মাণ করা হয়েছে। ভবনটি দুর্যোগকালীন সময়ে আশ্রয়কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হতে পারে। এছাড়াও ছাগলনাইয়া এবং ফুলগাজী উপজেলার বহু শিক্ষা প্রতিষ্ঠান, এতিমখানা, ধর্মীয় উপাসনালয় ও রাস্তা-ঘাটসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ এবং সংস্কার কার্যক্রম সম্পন্ন হয়েছে। এ উন্নয়নমূলক কার্যক্রমগুলো মাঠপর্যায়ে বাস্তবায়ন করেছে ঢাকাস্থ বিমান বাহিনী ঘাঁটি বাশার ও বিমান বাহিনী ঘাঁটি একে খন্দকার।
অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন), বিমান বাহিনী ঘাঁটি বাশারের এয়ার অধিনায়ক, বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা, ফেনী জেলা প্রশাসক, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ছয়টি শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক প্রদান করা হয়।






