খুলনা ব্যুরো
বাংলাদেশের সন্ত্রাসীদের ভারতে আশ্রয় ও বাংলাদেশের ওপর অব্যাহত সন্ত্রাসী কার্যকলাপ চালানোর বিরুদ্ধে খুলনায় মার্চ টু ভারতীয় কনস্যুলেট অফিস কর্মসূচির ব্যানারে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে আধিপত্যবাদ বিরোধী ঐক্যজোটের ব্যানারে ছাত্র-জনতা এ কর্মসূচি পালন করে।
বিকাল ৪টার দিকে ছাত্র-জনতা নগরীর রয়্যাল চত্বরে মিলিত হয়ে মিছিল সহকারে শান্তিধাম মোড় ঘুরে শামসুর রহমান রোডে অবস্থিত ভারতীয় সহকারী হাই কমিশনার কার্যালয়ের দিকে অগ্রসর হয়। মিছিলটি সিভিল সার্জন অফিসের সামনে পুলিশের ব্যারিকেডের মুখে পড়ে। বিক্ষুব্ধ ছাত্র-জনতা সেই ব্যারিকেড ভেঙ্গে ফেললে সহকারী হাই কমিশনার কার্যালয়ের অদূরে কনভেনশন সেন্টারের সামনে ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ, নৌ বাহিনী, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে রাস্তা আটকে আন্দোলনকারীরা ‘দিল্লি না ঢাকা ঢাকা, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, গোলামী না আজাদী, আজাদীসহ বিভিন্ন স্লোগান দেয় ।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-কমিশনার মো. তাজুল ইসলাম বলেন, আন্দোলনকারীরা যাতে কোনো কিছু ধ্বংস করতে না পারে সেজন্য আমরা ব্যারিকেড দিয়ে কড়া পাহারায় ছিলাম। সে কারণে আন্দোলনকারীরা কনভেনশন সেন্টারের সামনে পৌঁছে ব্যারিকেডের বাইরে থেকে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে চলে যায়।






