মুন্সীগঞ্জ সদর উপজেলার ইদ্রাকপুর এলাকায় একটি বসতঘরে আগুনের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে আশপাশের বাড়িঘর।

রোববার (৫ এপ্রিল) দুপুর ১২টা ১০ মিনিটের দিকে ইদ্রাকপুর কমলা রানীর বাড়িতে আগুন লাগে।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, খবর পেয়ে মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের দু’টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্বল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরো জানান, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাকড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক পদক্ষেপের কারণে আগুন রান্নাঘরের মধ্যেই সীমাবদ্ধ রাখা সম্ভব হয়েছে। ফলে আশপাশে আগুন ছড়িয়ে পড়তে পারেনি এবং অনেক বাড়িঘর আগুন থেকে রক্ষা পেয়েছে।